গাছে গাছে পাখিদের শুনি কলতান,
আহা কী যে সুমধুর ভোরের আজান।
ঘুম থেকে ওঠে সবে জানাই সালাম,
মসজিদে ছুটে যায় খোদার গোলাম।
কুরানের ধ্বনি যেন হৃদযের শ্বাস,
বয়ে চলে মিহি মিহি শীতল বাতাস।
নামাজের শেষে সবে তুলি দুই হাত,
মহানের কাছে চলো করি মুনাজাত।
শিশিরের ফোঁটা ঝরা সকালের ছবি,
মিটি মিটি হেসে ওঠে প্রভাতের রবি।
মকতবে ছুটে যায় ত্বহা, নূর, আঁখি,
পাখিদের মত তারা ভোরের পাখি।
প্রভাতের বিল জুড়ে কী দারুণ লুক,
ফুটে থাকে সাদা সাদা শাপলা শালুক।
সারি বেঁধে ছুটে চলে মেঘেদের দল,
কেউ যেন আগে থেকে বলে চল্, চল্।
কার দেয়া বলো ঐ নদীটার তীর,
কার নামে ঝরে পড়ে স্নিগ্ধ শিশির,
ছায়াময় ভোর বেলা বলো কার দান?
তিনি প্রভু আমাদের আল্লাহ মহান।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন