বিজ্ঞাপন দিন

আমার রোজনামচা | ইবনে আব্দুস সালাম



হৃদয়ের ভাব তরঙ্গ আজ অন্যরকম কিছু অনুভব করছে। সারা দেহে আজ অনুভবের এক নতুন মাত্রা যোগ হয়েছে। কোমল হৃদয়ে, শুভ মুহূর্তে মনে চায় অতীতের সব দুঃখ কষ্ট ভুলে এক নতুন জীবনের যেন সূচনা করি।

এখন ১৪৪৫ হিজরী সন। যা একেবারে শেষের দিকে। বছরের পুরো সময় অতিক্রম করে এখন সে অস্তাচলের একবারে শেষ প্রান্তে। কিছুদিন পূর্বেও যে ছিল পূর্ণ যৌবনে উচ্ছল, আজ সে বার্ধক্যের ভারে পুরো জর্জরিত। আসরের পর আমি রোজনামচাকে সঙ্গ দান করছি একটু পরেই এক নতুন হিজরী সনের শুভাগমন ঘটবে। আমার জন্য এই সময়টা একদিকে যেমন আনন্দপূর্ণ, অন্যদিকে বিষণ্ন-বেদনার। এক নতুন বিরহ হৃদয়কে যেন পূর্ণ গ্রাস করে চলছে। কিভাবে কাটালাম একটা বছর? হায়! একটা বছর আজ আমার জীবন থেকে বিদায় নিচ্ছে। কিন্তু কতটুকু আমি তার কদর করেছি! জীবনের একটা অংশ আজ আমার জীবন হতে বাদ হতে যাচ্ছে আর আমি গাফলত আর উদাসীনতায় হাবুডুবু খাচ্ছি। যতটুকু অর্জন করা সম্ভব ছিল আমি কি ততটুকু অর্জন করতে পেরেছি! আমার চালচলন, কথাবার্তা, আখলাক, আফকার কি আগের চেয়ে আরো উন্নত হয়েছে, না আমার দ্বারা আরো...

এসব হিসাব মিলানো সত্যিই মুশকিল। জানিনা, আমার উন্নতি কতটুকু, বা অবনতি কতটুকু? তবে আমার দ্বারা আরো অনেক অনেক ভালো কিছু করার সম্ভাবনা ছিল। আমি ততটুকু পারিনি। এ যে আমারই ব্যর্থতা, আমারই উদাসীনতা, আমারই গাফলত।

হৃদয়ের বাঁধ ভেঙে আজ অঝোর ধারায় কান্না আসছে। আমার কলম আমাকে আজ ভাবের জগতে বহুদূর নিয়ে যাচ্ছে। এক শঙ্কা ও আশঙ্কা আমার ভেতরটাকে একেবারে আচ্ছন্ন করে ফেলছে। মাঝেমধ্যে মনে হচ্ছে আর যেন এই ব্যথা সহ্য করতে পারব না। নিজের ওপর বিরাট এক চাপ অনুভূত হচ্ছে। নিজের প্রতি খুব অনুশোচনা হচ্ছে যে, এভাবে আমার দিনগুলো কেটে গেল। এভাবে আমার একটা বছর অতিবাহিত হয়ে আজ নতুন বছরের দ্বারপ্রান্তে উপস্থিত হলো। অথচ আমি...

আমি কি পারব আমার সামনের বছরটা এবং সামনের জীবনটা সুন্দরভাবে যাপন করতে? যেমনটা পেরেছেন আমাদের আকাবির ও আসলাফ। আমি কি পারব আমার অতীতের সব পাপ-পঙ্কিলতা মুছে এক শুভ্র জীবন নিজের প্রতি উপহার দিতে। যেমনটা পেরেছেন আমাদের পূর্বসূরী আকাবিরগণ! কেন পারব না? অবশ্যই পারব। আমাদের বড়রা তো এমন এক সময় ছোটই ছিলেন, তাদের নিমগ্ন সাধনা, আর আল্লাহমুখীতাই আজ তাদের এমন বড় করেছে।

আজ থেকে আমি এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে, আমাকে বড় হতেই হবে।

তুমি তাওফিক দাও আয় আল্লাহ! তুমি তাওফিক দাও। আমিন। 


রবিবার ৭/৭/২৪ খৃষ্টাব্দ 

৩০/জিলহজ্ব/১৪৪৫ হিজরী

1 মন্তব্যসমূহ

আপনার মন্তব্য লিখুন

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন