আকাশ মেঘলা। ঠান্ডা বাতাস বইছে। জানালার পাশে বসে আছি। বাতাসটা দারুণ লাগছে। বৃষ্টি হবে হয়ত। পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। এই মুহূর্তে দরকার এই বৃষ্টিটা। অবিরাম খড়ায় হাঁপিয়ে উঠেছে সব। চুপসে গেছে প্রকৃতির তাজা রূপ। বসে বসে আকাশের কালো মেঘের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে যাচ্ছি বারবার। হারিয়ে যাচ্ছি অজানা কোথায় যেন। ফেলে আসা জীবনের বহু স্মৃতিই মনে পড়ছে এই মুহূর্তে। অনেক কিছুই দৃশ্যমান হয়ে উঠছে চোখের সামনে। অনেক গল্প, অনেক কল্প, অনেক স্মৃতি- শৈশবের কৈশোরের। শৈশব মানুষের জীবনের একটি নিষ্পাপ, নিষ্কলুষ আর পবিত্র সময়ের নাম। মানুষ বড় হয়ে যায়। বৃদ্ধ হয়ে বুড়িয়ে যায়।
তবুও, আবার ছোট্ট হয়ে ফিরে যেতে চায় শৈশবের সেই নিষ্পাপ জীবনে। কিন্তু মানুষকে সময়ের নিয়ম মেনে চলতে হয়। সময়ের সংবিধান মানুষ অতিক্রম করতে পারে না। শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব— এই ধারায় এগিয়ে চলে আমাদের জীবন তরী। বড়ো অদ্ভূত এই জীবন। দেখতে দেখতে জীবনের ২০ টি বছর পার করে ফেললাম। কখন, কীভাবে যে শৈশব কৈশোর পার করে তারুণ্যে পা রাখলাম টেরই পেলাম না।
শৈশবের পূত-পবিত্র, নিষ্পাপ জীবন তারুণ্যে এসে পাপের পাহাড় বনে গেছে একেবারে। রূহানিয়্যত বলতে কিছুই আর অবশিষ্ট নেই এই কলুষিত জীবনে। কোনো কিছুতেই মন বসে না। বিতৃষ্ণা জেগে গেছে সব কিছুতেই। জীবনটাকে আর জীবন বলা যায় না; ভেতর শূন্য যার তাকে জীবন বলা যায় না। সর্বোচ্চ বলা যেতে পারে উজাড় ঘর বা বিজন মরু।
মাঝেমধ্যে খুউব ইচ্ছে করে শৈশবের সময়টায় চলে যেতে। ইশ! কী জীবন্ত ছিল সময়টা। পিতা-মাতার প্রতি ছিল অগাধ ভালোবাসা, শ্রদ্ধাবোধ। উস্তাদগণের প্রতি যেমন ছিল ভয় তেমন ছিল ভক্তি। অন্তরে ছিল খোদা ভীতি, হৃদয়ে ছিল রসূল প্রীতি।
কিন্তু যখনই পা পড়ল তারুণ্যে, তখন থেকেই ওলটপালট হতে শুরু করল সবকিছু। ভেঙে চুরমার হয়ে গেল জীবনটা। মানুষের সঙ্গ এখন আর ভালো লাগে না। মেজাজ খিটখিটে হয়ে গেছে। একাকিত্বই এখন জীবনের মৌলিক সারাংশ। হারিয়ে গেছে জীবনের গতিময়তা। থেমে গেছে জীবনের গতি, একেবারেই থেমে গেছে।
শৈশবের মত এখনও পুবাকাশে সূর্য ওঠে। রাতের আকাশে চাঁদ হাসে। খরা কাটে, মেঘ নামে। এখনও নিয়ম করে বসন্ত আসে। আবার নিয়ম করেই ফিরে যায়। এখনও শীত আসে। গাছ থেকে পাতা ঝরে। এখনও নদীতে পানি বয়ে যায় আপন গতিতে। ভাটা পড়ে। পাড় ভাঙে। আবার জোয়ার এসে ভরে যায় ভাঙ্গা নদী। তবে শৈশবের সেই নিষ্পাপ দিনগুলো এখন আর ফিরে আসে না। শৈশবের দুরন্তপনারা এখন আর এসে ভিড় করে না চারপাশে। হায়াতের দিনগুলো এভাবেই ফুরিয়ে যায়। আমি ভেবে পাই না কিছুই। শুধুই মনে হয়, জীবন বড়ো অদ্ভুত; বড়ো রহস্যময়।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন